নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে তাঁর সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার ভোরে উপজেলার তারাবো পৌরসভায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৪) সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে রাত ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোরে অভিযুক্ত আফজাল খান তার এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগীর বাসায় প্রবেশ করে। বাসায় ঢুকেই তারা প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় তাঁর স্বামী বাধা দিতে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
অভিযুক্তরা হুমকি দেয়, তাদের কথা না শুনলে নারী, তাঁর স্বামী এবং ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা এক ব্যক্তি এবং পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে তারা বাসা থেকে দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজেল হোসেন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সূত্র: ডেল্টা লেন্স

