নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী মাসদাইর বাজার এখন তীব্র পরিবেশ দূষণের কবলে পড়েছে। টাটকা শাক-সবজি ও গরুর মাংসের জন্য দীর্ঘদিনের সুনাম থাকলেও, বাজারটির সামনের প্রধান সড়ক বর্তমানে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বাজারের ময়লা পানি, মাছ ও মাংসের বর্জ্য সরাসরি সড়কে ফেলা হচ্ছে। এতে করে পুরো এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ, যা পথচারী ও আশপাশের বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে গরমের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সড়কের ওপর জমে থাকা পচা বর্জ্য থেকে ছড়াচ্ছে জীবাণু, বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকি। অনেকেই নাক চেপে রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় এ সমস্যা দিন দিন বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর দাবি, বাজারের বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করা হোক, যাতে মাসদাইর বাজার তার পুরনো সুনাম ফিরে পায় এবং জনদুর্ভোগ কমে আসে।

