নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকেল প্রায় ৫টার দিকে দেওভোগ বাশমুলি মোড় এবং কাশিপুর খিল মার্কেট এলাকার গ্যারেজ পট্টি গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। ফতুল্লা থানা পুলিশ ও র্যাব-১১ এর সদস্যরা যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযানকালে ১২০ পুরিয়া গাঁজা এবং ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাসেল মিয়া (২১), রতন মিয়া (২৫), আনোয়ার (৩৮), মামুন মল্লিক (৩৫), আল আমিন হোসেন (২৮), রিপন হোসেন (৩২), সুজন মিয়া (৩৫), রনি (২২), রেদওয়ান তূর্য (২৬) ও মনির হোসেন (৩৮)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক আশিষ কুমারসহ সঙ্গীয় ফোর্স এবং র্যাব-১১ এর একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

