নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় স্বামী পরিত্যক্ত এক ভিক্ষুক নারীকে (৩৫) জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে রিপন মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রিপন মিয়া ওই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দড়ি সোনাকান্দা এলাকায় আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
জানা গেছে, ভুক্তভোগী নারীও একই বাড়িতে পৃথক কক্ষে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। স্বামী না থাকায় দীর্ঘদিন ধরে রিপন মিয়া তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে কৌশলে তার কক্ষে প্রবেশ করে অভিযুক্ত। পরে ওই নারী কক্ষে ফিরে এলে রিপন মিয়া তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরদিন শনিবার (২৮ মার্চ) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং- ৪৫(৩)২৬)।
অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতেই অভিযান চালিয়ে রিপন মিয়াকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

