নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইরে রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এক নারী কলেজ প্রভাষক ছিনতাইয়ের শিকার হয়েছেন।
আজ রোববার (সকাল সাড়ে ৬টা) এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ফারজানা আফরোজ নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি জানান, সকালে ছেলেকে শহরের অক্টো অফিস এলাকার একটি মাদ্রাসায় পৌঁছে দিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পূর্ব ইসদাইর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা তিনজন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে।
এসময় তাদের মধ্যে দুইজন চাপাতি গলায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে ভয় দেখিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন, একটি পার্স এবং প্রায় দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন জানান, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

