নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে সড়কের উপর পড়ে থাকা একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন লামারবাগ এলাকার রয়েল গার্মেন্টসের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল এবং ৭ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঝুট ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পথচারীরা রাস্তায় পড়ে থাকা পিস্তলটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ফতুল্লা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

