নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর সড়কের পাশের খাদে ফেলে রেখে যায়।
সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার ভোলাব তদন্ত কেন্দ্রের কালাদী এলাকা সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা সড়কের পাশের খাদে মরদেহ দেখে পুলিশে খবর দিলে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য এটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে তথ্য দেওয়া হয়েছে এবং আঙ্গুলের ছাপসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

