নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে চলতে থাকা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে অন্তত ৫৫ জনকে চিহ্নিত করে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।
জানা গেছে, শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কেন্দ্র করে এই তালিকা তৈরি করা হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চল, বাজার, পরিবহন খাত, হকার নিয়ন্ত্রণ এবং নির্মাণসংশ্লিষ্ট খাতে যেসব অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে, সেগুলোকে গুরুত্ব দিয়েই তথ্য সংগ্রহ করা হয়েছে।
দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, তালিকা তৈরির কাজটি কোনো একক সংস্থা নয়; বরং সমন্বিতভাবে একাধিক সংস্থা মাঠে কাজ করছে। অভিযোগ যাচাই-বাছাই, গোপন অনুসন্ধান এবং স্থানীয় তথ্যদাতাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য মিলিয়ে তালিকাটি আরও নির্ভুল করার চেষ্টা চলছে।
তালিকা চূড়ান্ত হলে ধাপে ধাপে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

