আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের এনায়েতনগরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। বিশেষ করে মাসদাইর বেকারির মোড় থেকেই উঠে এসেছে চারজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম, যা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রোজিনা আক্তার সাবেক দুই বারের সংরক্ষিত মহিলা মেম্বার এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি। করোনাকালীন সময়ে নারী মৃতদেহ গোসল ও দাফনের মতো মানবিক কাজ করে তিনি সারাদেশে আলোচনায় আসেন। সর্বশেষ জামায়াত আমীরের বিরুদ্ধে এলাকায় ঝাড়ু মিছিল করে আবারও আলোচনায় উঠে আসেন।
অ্যাডভোকেট আলমগীর প্রধান এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। তিনি সর্বশেষ ২০১৬ সালে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
যুবায়ের সরদার বর্তমানে এনসিপির জেলা আহবায়ক। সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে রাজনীতি শুরু করে পরে এনসিপিতে যোগ দেন। নবনির্বাচিত এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনী ক্যাম্পেইনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন তিনি।
অন্যদিকে ইয়াসিন আরাফাত ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তরুণ এই রাজনীতিক সাম্প্রতিক সময়ে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তিনি জেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান রনির ভাগ্নে হিসেবেও পরিচিত।
একই এলাকা থেকে চারজন শক্তিশালী প্রার্থীর সম্ভাব্য অংশগ্রহণে এনায়েতনগরের নির্বাচনী মাঠ ইতোমধ্যে জমে উঠেছে। স্থানীয়দের মতে, এবারকার নির্বাচন হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং চমকপ্রদ।

