নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সাবরিয়া আক্তার অনিয়া (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে সোনাপুর এলাকায় শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে কাঁচপুর এলাকার সায়েম মিশেলের (৩৫) সঙ্গে সাবরিয়ার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। তবে কিছুদিন ধরে দাম্পত্য জীবনে কলহ চলছিল।
সোমবার রাতে খবর পেয়ে নিহতের মা মোছা. ফেরদৌস আরা শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে সাবরিয়াকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে। তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

