সংবাদ: নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রবিবার (৫ এপ্রিল) ইস্টার সানডে উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হওয়ায় আগেই এ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মিলিয়ে মোট তিন দিনের ছুটি উপভোগ করবেন সংশ্লিষ্টরা।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়েও আলোচনা চলছে। আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, স্কুল পর্যায়ে সশরীরে ও অনলাইন—এই দুই পদ্ধতির সমন্বয়ে ক্লাস চালুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হতে পারে।
মন্ত্রিসভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে টানা তিন দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস শুরু হতে পারে।
উল্লেখ্য, খ্রিস্টান ধর্ম মতে, ঈশ্বরপুত্র যিশু খ্রিস্টকে গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ করার পর তৃতীয় দিনে রবিবার তিনি পুনরুত্থিত হন। সেই দিনটিকেই ইস্টার সানডে হিসেবে পালন করা হয়।

