গোপন সংবাদের ভিত্তিতে দত্তপাড়া থেকে অভিযান, পুরনো মাদক মামলার আসামি বলে দাবি পুলিশের
সংবাদ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে ‘লুঙ্গি মিজান’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার এক সহযোগীকেও আটক করা হয়।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ পৌরসভার দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগানে অভিযান চালিয়ে ইয়াবাসহ লুঙ্গি মিজান ও তার সহযোগীকে গ্রেফতার করে।
এলাকাবাসীর ভাষ্য, লুঙ্গি মিজান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং পুরো পৌর এলাকায় ইয়াবা সরবরাহ করত। এর আগেও মাদকসহ একাধিকবার তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার মাদক ব্যবসা আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত মিজানুর রহমান (৩৮) পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও মোসাম্মৎ পারভীন সুলতানার ছেলে। তার সহযোগী সেলিম মিয়া (৩৩) একই গ্রামের বাসিন্দা হলেও তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার হোমনা থানার তালতলি গ্রামে।
সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

