ইহুদি-বিদ্বেষমূলক ও উগ্র বক্তব্যের অভিযোগে বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়া থেকে ডিপোর্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশব্যাপী বক্তব্য সফরের মাঝপথেই তার ভিসা বাতিল করা হয়।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘লিগ্যাসি অফ ফেইথ’ সিরিজের অংশ হিসেবে ইস্টার ছুটিতে অস্ট্রেলিয়া সফরে ছিলেন তিনি। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার কর্মসূচি থাকার কথা ছিল।
প্রতিবেদন অনুযায়ী, উগ্রবাদী ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে এর আগেও যুক্তরাজ্যে তার প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। একই কারণে বাংলাদেশেও তার জনসভা নজরদারির মধ্যে রাখা হয়েছিল বলে উল্লেখ করা হয়।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডানিয়াম জানিয়েছেন, আজহারীর আগমন নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তিনি বলেন, তার বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং বিভেদ উসকে দেওয়ার অভিযোগ আন্তর্জাতিকভাবে সুপরিচিত।
ডেইলি মেইলের দাবি, অতীতে একাধিক বক্তব্যে আজহারী ইহুদিদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন এবং বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন।
অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশও তার সফর নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের কাছে হস্তক্ষেপ চেয়েছিল। সংগঠনটি সতর্ক করে বলেছিল, তার বক্তব্য ধর্মীয় উত্তেজনা উসকে দিতে পারে।
বর্তমানে ভিসা বাতিলের পর তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

