নারায়ণগঞ্জে পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জ শহর ও সিদ্ধিরগঞ্জে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে প্রথমে নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড এলাকায় অবস্থিত মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২) এ অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জের জালকুরী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জৈনপুর ক্লিনিক এ পরিচালিত পৃথক অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স হালনাগাদ নেই। এ অপরাধে সংশ্লিষ্ট আইনে ক্লিনিকটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

