(১ এপ্রিল ২০২৬): ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম সংলগ্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এ অবস্থায় স্থানীয়ভাবে দায়িত্বশীল ভূমিকা নিয়ে ছাত্রশক্তির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
আজকের এই কর্মসূচিতে প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কের পাশের জমে থাকা আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করেন এবং এলাকার পরিবেশ কিছুটা হলেও স্বাভাবিক করতে ভূমিকা রাখেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশন প্রশাসনের মধ্যে দায়িত্ব নিয়ে একে অপরকে দোষারোপের অভিযোগ পাওয়া গেছে, ফলে দীর্ঘদিনেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
পরবর্তীতে বিষয়টি জানানো হলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অল্প সময়ের মধ্যেই ময়লা অপসারণের ব্যবস্থা করা হবে, যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে।
এদিকে, পুরো কার্যক্রমে লজিস্টিক সহায়তা দেওয়ার জন্য নারায়ণগঞ্জ এনসিপি মহানগরের সভাপতি শওকত আলী-কে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান করবে।

