নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বন্দর উপজেলার একরামপুর পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। আটককৃতদের অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেকের ওপর ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে বন্দরসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে। মাদক কারবারি ও সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

