নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে সামিয়া (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার কামরানীচর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সামিয়া একই এলাকার বাসিন্দা সজিবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে সামিয়া নিজ ঘরের টিনসেডের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

