র্যাব-১১’র অভিযানে গ্রেফতার রিফাত ও রোমান
নারায়ণগঞ্জের বন্দরে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক কিশোরীকে নির্জন স্থানে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃতরা হলো—বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার গাজী মিয়ার ছেলে মো. রিফাত (২১) এবং একই থানার বাড়বাড়ি এলাকার জাহিদ হোসেনের ছেলে মো. রোমান (ওরফে নোমান)।
মামলা ও র্যাব সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণি পাস করা ওই কিশোরী টিকটকের মাধ্যমে রিফাতের সাথে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ায়। গত ২৯ মার্চ সকালে প্রেমিকের ডাকে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে আসেন তিনি। দুপুরে বন্দর খেয়াঘাটে গেলে রিফাত তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরার পর বিকেল ৩টায় নবীগঞ্জ কদমরসুল এলাকার একটি নির্জন চারদেয়ালি জমিতে নিয়ে যান।
সেখানে রিফাতের বন্ধু রোমান উপস্থিত ছিল। কিশোরী শারীরিক সম্পর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করলে রিফাত ও রোমান তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একবার ধর্ষণের পর একজন পাহারায় থাকলেও অপরজন ধর্ষণ শেষে পালিয়ে যায়।
র্যাব-১১ গোয়েন্দা নজরদারিতে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আজিমপুর মাজার রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

