নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানার নৌ-পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান জানান, উদ্ধারকৃত মরদেহের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও কালো-হলুদ রঙের টি-শার্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫ থেকে ৬ দিন আগের।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই জানা যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা।

