নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু শহরের দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল সমস্যা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
টিপু জানান, শহরের ফুটপাত দখলমুক্ত করে হকারমুক্ত করা হবে এবং একই সঙ্গে অটোরিকশা চলাচলে সিটি কর্পোরেশনের নির্ধারিত লাইসেন্স ও নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এতে করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, হকারদের উচ্ছেদ না করে তাদের জন্য শহরের নিকটবর্তী নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে যারা এই উদ্যোগে সহযোগিতা করবে না কিংবা নির্ধারিত স্থানে যেতে অস্বীকৃতি জানাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাসীর নিরাপত্তা ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

