নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, শহরে আমাদের বেশকিছু জনদুর্ভোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা পর্যায়ক্রমে সেগুলো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী স্থানীয়ভাবে আমাদের কাজ করছি। ইতিমধ্যে আজকে আমরা জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি।
রোববার (৫ এপ্রিল) ১৩ নং ওয়ার্ডের আমরা মোহামেডানের গলিতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, সারাদেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমাদের নাসিক সিটির এলাকাবও এই দুর্ভোগে আক্রান্ত৷ তাই আমরা অগ্রাধিকার ভিত্তিতে আজকে এখানে কাজ করছি৷ বিশ বছর ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। বিগত দিন সিটির মেয়র এ ব্যাপারে উদাসীন থাকলেও আমাদের প্রশাসক জনস্বার্থে এই কর্মসূচি হাতে নিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের হাসপাতালগুলোতে আমরা ডেঙ্গু ও হাম প্রতিরোধে জাতীয় কর্মসূচিগুলোকে গতিশীল করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে পারবো। আমরা আশা করি স্থানীয় সরকারের এই জনসেবামূলক প্রতিষ্ঠানটি সুন্দর ভাবে কাজ করবে।

