আজ ৬ এপ্রিল ২০২৬, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে “শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় ৭ দফা দাবি” বাস্তবায়নের লক্ষ্যে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রার সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন তমা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক। বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি নাদিরা ইসলাম রিয়া এবং সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা জুথি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি জয় হাসান।
বক্তারা বলেন, এই ৭ দফা কোনো একটি সংগঠনের একক দাবি নয়; বরং এটি জনমানুষের ন্যায্য ও সময়োপযোগী দাবি। জনগণের প্রত্যাশাকে সংগঠিত ও সুসংহত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে এই দাবির প্রতি সংহতি জানিয়ে স্বাক্ষর প্রদান এবং ব্যাপক প্রচারণায় যুক্ত হওয়ার আহ্বান জানান। একইসাথে কর্মসূচি সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণের জন্য আগ্রহীদের এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১১ মে জেলা প্রশাসকের নিকট সংগৃহীত স্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান করা হবে এবং উক্ত কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করা হয়েছে।
৭ দফা দাবিসমূহ:
১। মানসম্মত শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি এবং কোচিং-গাইড বাণিজ্য বন্ধে কার্যকর উদ্যোগ
২। জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দ, বেতন-ফি হ্রাস, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং শিক্ষকদের মর্যাদা ও সুবিধা বৃদ্ধি
৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজে শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট দূর করে সেশনজট নিরসন এবং অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধ
৪। নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা
৫। নারী ও শিশু নির্যাতনের বিচার, মাদক-জুয়া-সন্ত্রাস প্রতিরোধ এবং পর্যাপ্ত খেলার মাঠ নির্মাণ
৬। জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা
৭। শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ

