নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত যুবক শুভ (২১) অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মো. আল আমিন ইসলাম ওরফে ‘লাল শুভ’ (২৪) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
সোমবার (৬ এপ্রিল) ভোররাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই তারা সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, মাদক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের পরও দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শুভ পেশায় একজন এসি মেকানিক ছিলেন। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু বখাটের সঙ্গে তার বিরোধ চলছিল। প্রায় ১৫-২০ দিন আগে প্রধান আসামি রানার সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়, যা পরবর্তীতে শত্রুতায় রূপ নেয়। এরপর থেকেই শুভকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।
ঘটনার দিন ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জে তার শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাল শুভ তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইনে আসতে বলে। পরে সন্ধ্যা ৬টার দিকে তিনি সেখানে পৌঁছালে, ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন একটি ভাঙারি দোকানের সামনে লাল শুভসহ অন্যান্য আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে।
একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
ঘটনার দুই দিন পর, ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা সেটিকে শুভর মরদেহ হিসেবে শনাক্ত করেন। নিখোঁজের কয়েকদিন পর লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে।
র্যাব-১১ জানায়, হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর সিপিএসসি এবং র্যাব-১৩, রংপুরের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।
সোমবার ভোর ৩টা ৩০ মিনিটে নীলফামারীর কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকা থেকে মামলার অন্যতম আসামি লাল শুভকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর আসামিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

