নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জে নিখোঁজের মাত্র একদিন পর সৈকত (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার উত্তর নরসিংপুর এলাকার বক্তাবলী রোডে হাশেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত সৈকত স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে পরদিন তার মরদেহ উদ্ধার হওয়ায় শোকের মাতমে ভেঙে পড়ে পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মরদেহে বিশেষ করে গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে, যা হত্যার আশঙ্কাকে জোরালো করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

