আসন্ন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী রোজিনা আক্তার এলাকাবাসীর উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের একজন নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং স্থানীয় জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানান।
তার বার্তায় রোজিনা আক্তার বলেন, তিনি সবসময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং মানুষের সেবাকে নিজের প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, সততা ও কঠোর পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি।
তিনি আরও বলেন, “আমি আমার সামর্থ্য অনুযায়ী সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সেই সেবার ধারাবাহিকতা বজায় রাখতে আমি আপনাদের কাছে আবারও সুযোগ চাই।”
চেয়ারম্যান পদে মনোনয়ন পেলে ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি। অবহেলিত কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নের জন্য সবার সহযোগিতা অপরিহার্য। জনগণের সমর্থন ও ভালোবাসা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।
নারীর নেতৃত্ব প্রসঙ্গে রোজিনা আক্তার বলেন, “নারী বলে অবহেলা না করে সুযোগ দিলে নারীরাও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সবশেষে তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দল যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। তবে তার এই আবেদনটি আন্তরিকভাবে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

