নারায়ণগঞ্জে তরুণ শুভকে গুমের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সর্দার।
এক বিবৃতিতে তিনি বলেন, “শুভকে গুমের পর হত্যা শুধু একটি পরিবারের নয়, এটি পুরো নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আমরা গভীর শোক ও দুঃখের সাথে এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, অতীতে দেশে গুম, খুন ও সহিংসতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, এই ঘটনা তারই পুনরাবৃত্তি বলে মনে হচ্ছে। এতে করে সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
জুবায়ের সর্দার বলেন, “একজন তরুণকে এভাবে গুম করে পরে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরে।”
তিনি দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, কোনো ধরনের গাফিলতি বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে তা নারায়ণগঞ্জবাসী মেনে নেবে না। একইসঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

