নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গত রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিত জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এবং পরিবারসহ থানার পাশেই একটি ভবনে ভাড়া থাকেন। ঘটনার রাতে তিনি তার ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি ভবনের পার্কিংয়ে রেখে দেন। রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি ফিরোজ মিয়ার বাসার পার্কিংয়ে রাখা ছিল। সকালে গাড়িটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, এ ধরনের চুরি রোধে বাসাবাড়ির পার্কিংয়ে নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

