নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেঁধে রেখে লুটপাট চালায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং সংলগ্ন মঞ্জিল মোরশেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৭ থেকে ৮ জনের একটি ডাকাতদল বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে পড়ে। পরে তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লুট হওয়া মালামাল উদ্ধার বা কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

