ফতুল্লা প্রতিনিধি: ০৭ মার্চ ২০২৬ রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় প্রতারণা, মাদক ও ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে নাহিদ ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযুক্ত নাহিদ ইসলাম, পিতা আব্দুল জলিল, দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে আসছিল বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ এক অসহায় তরুণকে টার্গেট করে তার কাছ থেকে ২১ হাজার টাকা দাবি করে। এর মধ্যে জোরপূর্বক ৮ হাজার টাকা আদায় করা হয় এবং বাকি টাকা কিস্তিতে আদায়ের জন্য তাকে নিয়মিত হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে আটক করে। এ সময় তার কাছ থেকে হিরোইন, ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মুফতি কাউছার আহমাদ কাসেমী, হাজি মাসুদ মিয়া, জুম্মান ইসলাম, আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের মুখপাত্র এবং এলাকার স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পর এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

