নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে এসেছে। গোপনে সম্মেলন আয়োজনের উদ্যোগকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ফেরদৌসুর রহমান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগর জমিয়তের সাবেক সেক্রেটারি মনোয়ার হোসাইন।
জানা গেছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এবং জেলা নেতৃত্বকে অবগত না করে একটি গোপন সম্মেলন আয়োজনের চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন, এ ধরনের উদ্যোগ সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং এতে বিভ্রান্তি ও বিভক্তি তৈরি হচ্ছে।
বুধবার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনোয়ার হোসাইনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন। তাদের দাবি, ব্যক্তিস্বার্থে সংগঠনকে ব্যবহার করে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দলকে দুর্বল করছে। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
নেতাকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বিভ্রান্ত করার চেষ্টা এবং অনুমোদনহীন কর্মসূচি গ্রহণের প্রবণতা বেড়েছে, যার ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে দলীয় সূত্র বলছে, ইতোমধ্যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা পর্যায় থেকে কড়াকড়ি নজরদারি শুরু হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
দলীয় শৃঙ্খলা ভংগের অভিযোগ এনে গতকাল নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ও তার ঘনিষ্ঠ অনুসারী কামালউদ্দীন দায়েমীকে শোকজ করেছে কেন্দ্রীয় নেতা ও জেলা জমিয়তের সভাপতি মনির হোসেন কাসেমী।

