নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসা ঘিরে বিএনপির দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমানকে বহিস্কার করা হয়েছে|
১০ এপ্রিল যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত জানান|
স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘বেস্ট ইস্টাল কম্পোজিট ’ নামে একটি পোশাক কারখানায় ৫ আগষ্টের পর যুবদলের অভি-মনির গার্মেন্টস থেকে ঝুট নামায়| বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা খোকা, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ সহ তার লোকজন নিয়ে গার্মেন্টস থেকে ঝুট নিতে আসলে অভি তাদের বাধা দেয়| এসময় এনায়েত নগর ইউনিয়ন ২ন¤^র ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা ও থানা যুবদলের আহবায়ক মাসুদ এবং ইউনিয়ন যুবদলের অভি-মনির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি এক পযার্য়ে সংঘর্ষ বেধে যায়| এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়| মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে পেটে গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসা ছাত্র ইমরান বেশ কিছু সময় রাস্তায় কাতরাতে থাকে| খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন| পরে স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়|
ইমরানের বাবা আসমাউল বলেন, ইমরানের বুকের নিচে মাঝখানে গুলিবিদ্ধ হয়ে প্রচন্ড রক্তক্ষরন হয়েছে| ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে|
এ ঘটনার পরে গোটা এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে| পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|
মো. হোসেন খোকা জানান, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া অভি, মনির, সুমন, জসিমসহ ২০-৩০জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়| হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে| তাদের মধ্যে কয়েকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে তিনি দাবি করেন|
সূত্র: নিউজ নারায়ণগঞ্জ

