দল ও নেতাকর্মীদের অবমূল্যায়নকারীদের ‘গুপ্ত চোর’ আখ্যা
ডেস্ক রির্পোট | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে একটি কড়া বার্তা দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, দলই মূল শক্তি এবং দল ছাড়া কোনো ব্যক্তি, যত বড় মন্ত্রী, এমপি বা প্রশাসকই হোক, তাদের কোনো মূল্য নেই।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, “দল দিয়ে মন্ত্রী, এমপি ও প্রশাসক তৈরি হয়, ব্যক্তি দিয়ে দল নয়।” টিপু আরও বলেন, যারা দলকে উপেক্ষা করে এবং দলের নেতাকর্মীদের ছোট করে দেখে, তারা প্রকৃতপক্ষে দলের অংশ হতে পারে না।
স্ট্যাটাসে তিনি স্পষ্ট ভাষায় বলেন, দলের ক্ষমতায় না এলে কেউ মন্ত্রী, এমপি বা প্রশাসক হওয়ার সুযোগ পেত না। দলের নেতাকর্মীদের অবদানের কারণেই এসব পদে আসা সম্ভব হয়, অথচ অনেকে সেই দলকেই স্বীকার করতে চান না।
এ ধরনের আচরণকে তিনি দলের জন্য হুমকি উল্লেখ করে বলেন, “যারা দলকে অস্বীকার করে, তারা দলের ভেতরে গুপ্ত চোরের মতো কাজ করে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময় নারায়ণগঞ্জে দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রেক্ষাপটে টিপুর এই বক্তব্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। দলের ভেতরে ঐক্য বজায় রাখা এবং তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে এই মন্তব্য।

