ব্যবসা-বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ বুলেটিনের প্রকাশক ও সম্পাদক মো: মাজহারুল ইসলাম মুন্নাকে “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬” প্রদান করা হচ্ছে।
তিনি মুন্না এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হিসেবে ব্যবসায়িক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা উল্লেখযোগ্য। এছাড়া তিনি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারির আওতাধীন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের অনারারি সেক্রেটারি হিসেবে ২০২৫-২০২৬ মেয়াদে দায়িত্ব পালন করছেন।
শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আগামী ২৪ এপ্রিল ২০২৬ ইং তারিখ শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। প্রধান আলোচক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। সভাপতিত্ব করবেন শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মানজুর মোর্শেদ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখার জন্য মাজহারুল ইসলাম মুন্নাকে এই সম্মাননায় মনোনীত করা হয়েছে। ইতোমধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ প্রতি বছর দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করে আসছে।

