নারায়ণগঞ্জ নগরীর প্রধান সড়ক বিবি রোডে হকার, অবৈধ দখলদার ও অননুমোদিত পার্কিংয়ের বিরুদ্ধে আগামীকাল (১৩ এপ্রিল) থেকে যৌথ অভিযান শুরু হচ্ছে।
সিটি করপোরেশন ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুটপাত দখল ও অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হওয়া এবং তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ এপ্রিল অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় জনস্বার্থে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
অভিযানে নেতৃত্ব দেবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এবং সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। একই সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হবে।
এতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব-১১, আনসার, বিএনসিসি, স্কাউটসসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে—বিবি রোডে হকার বসা এবং অননুমোদিত পার্কিং সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিযান সফলভাবে বাস্তবায়িত হলে বিবি রোডে যানজট অনেকটাই কমবে এবং পথচারীদের চলাচল স্বাভাবিক হবে।

