নারায়ণগঞ্জ নগরীতে হকার উচ্ছেদে যৌথ অভিযান চালানোর মাত্র ৬ ঘণ্টা পরই আবারও ফুটপাত দখল করে বসেছেন হকাররা। মঙ্গলবার (আজ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, জেলা প্রশাসন ও জেলা পুলিশের উপস্থিতিতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় চাষাড়া শহীদ মিনার, ১ নম্বর রেলগেট, কালির বাজার মোড়সহ ব্যস্ততম সড়কগুলোর ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য পথচারীরা স্বস্তিতে চলাচল করতে পারলেও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আবারও ফুটপাতে পসরা সাজিয়ে বসতে দেখা যায় হকারদের। প্রথমে সংখ্যা তুলনামূলক কম থাকলেও ধীরে ধীরে তাদের উপস্থিতি বাড়তে থাকে। এতে করে পুনরায় দখল হয়ে যায় পথচারীদের চলাচলের স্থান, সৃষ্টি হয় ভোগান্তি।
স্থানীয়রা বলছেন, নিয়মিত নজরদারি ও টেকসই ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। তাদের মতে, একদিনের অভিযান নয়, বরং ধারাবাহিক কার্যক্রমই পারে ফুটপাত হকারমুক্ত রাখতে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নগরবাসীর দাবি, স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

