রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর এবার সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট প্রশ্ন। সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আইন অনুযায়ী যে অবসরভাতা ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী হতে পারেন, সেগুলো আগের মতোই বহাল থাকবে কি না, তা নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করেছেন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবিদ রহমান বলেন, একজন সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি আইন ও সংবিধানের আলোকে স্পষ্ট হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, যদি মো. শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ, আদালতের রায় বা এমন কোনো আইনগত অযোগ্যতা থেকে থাকে, যা তাঁর অবসরকালীন সুবিধার ওপর প্রভাব ফেলতে পারে, তাহলে সে বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেবে, সেটিও জনগণের জানার অধিকার রয়েছে।
আবিদ রহমান আশা প্রকাশ করে বলেন, সরকার এ বিষয়ে বিদ্যমান আইন ও সংবিধানের আলোকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করবে, যাতে এ নিয়ে জনমনে কোনো ধরনের বিভ্রান্তি বা প্রশ্নের অবকাশ না থাকে।

