অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, ভবন ধসসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে জরুরি হটলাইন ‘১০২’ নম্বর প্রচারের উদ্যোগ নিয়েছে আরবান কমিউনিটি ভলান্টিয়ার, নারায়ণগঞ্জ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি মুহূর্তে অনেক সময় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয় ফায়ার স্টেশনের যোগাযোগ নম্বর খুঁজতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন ১০২ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
এ লক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হটলাইন নম্বরটি ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানানো হয়েছে।
আরবান কমিউনিটি ভলান্টিয়ার, নারায়ণগঞ্জের সদস্য ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নাজিবুল আলম শিমুল বলেন, “জরুরি মুহূর্তে কয়েক মিনিটের বিলম্বও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই অগ্নিকাণ্ড বা যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ১০২ নম্বরটি সবার জানা থাকা জরুরি।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে হটলাইন নম্বরটি প্রচার করা হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং জরুরি প্রয়োজনে দ্রুত সেবা গ্রহণ সহজ হবে।
জনস্বার্থে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল নাগরিককে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন ১০২ নম্বরটি সংরক্ষণ ও প্রচারের আহ্বান জানানো হয়েছে।

