রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ২০২৬ থেকে ২০২৭ রোটারি বর্ষের প্রথম নিয়মিত সভা সোমবার (৬ জুলাই) নগরীর নারায়ণগঞ্জ ক্লাব ক্যাফেটেরিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক মানিকের সভাপতিত্বে এবং সম্পাদক আল আমিন আহমেদ সাব্বিরের সার্বিক সমন্বয়ে নতুন রোটারি বর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভার শুরুতে উপস্থিত সদস্যদের স্বাগত জানান সভাপতি ওমর ফারুক মানিক। এ সময় সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল হক নবনির্বাচিত সভাপতির গলায় প্রেসিডেন্সিয়াল মেডেল পরিয়ে দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর ওমর ফারুক মানিক ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও জনমুখী ও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি এম জামাল উদ্দিন। তিনি নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মানবসেবার আদর্শকে সামনে রেখে রোটারি মিডটাউন আগামী দিনেও সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় আরও বক্তব্য দেন ইলেক্ট প্রেসিডেন্ট মো. বদিউল আলম, মইনুল হক, দিলিপ ধর ও মো. হাসান শরিফ। পরে পিডিজি এম জামাল উদ্দিনের রোটারিতে ৪৩ বছরের সেবাযাত্রাকে সম্মান জানিয়ে কেক কাটা হয়।
সবশেষে ২০২৬ থেকে ২০২৭ রোটারি বর্ষের বৈশ্বিক থিম “Create Lasting Impact” বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

