ক্যান্টিন চালু করায় গভর্নিং বডি ও অধ্যক্ষকে ছাত্র ফেডারেশনের ধন্যবাদ
প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে ক্যান্টিন চালু করায় কলেজের গভর্নিং বডি ও অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।
বুধবার (১৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ কলেজ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, নারায়ণগঞ্জ কলেজে একটি মানসম্মত ক্যান্টিন চালু করা সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। শিক্ষার্থীদের এ ন্যায্য দাবি বাস্তবায়নে ছাত্র ফেডারেশন ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছিল। অবশেষে অধ্যক্ষের আন্তরিকতায় ক্যাম্পাসে ক্যান্টিন চালু হওয়ায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন চালু হওয়ায় শিক্ষার্থীদের খাবারের চাহিদা পূরণে সুবিধা হবে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের খাবার সংগ্রহের ভোগান্তি অনেকটাই কমবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় কলেজ গভর্নিং বডি, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ।
তবে ক্যান্টিন চালুর পাশাপাশি খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং খাবারের মূল্য সাধারণ শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ওপর গুরুত্ব দেন তারা। এ বিষয়ে কলেজ প্রশাসনকে নিয়মিত তদারকির আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় এবং শিক্ষার্থীদের কল্যাণে আগামী দিনেও বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

