নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সহযোগিতার আশ্বাস
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
শনিবার (১৮ অক্টোবর) রাতে তিনি ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশিপুরসহ সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পিলকুনী হিন্দুপাড়া মন্দির, পাগলা নয়ামাটি মন্দির, ফতুল্লা বাজার ডিআইটি মাঠের মন্দির, পাগলা সার্বজনীন পূজামণ্ডপ, পশ্চিমপাড়া যুবসংঘ, জেলেপাড়া, দাপা ঋষিপাড়া পূজামণ্ডপ, শিশমহল রাধাগোবিন্দ পূজামণ্ডপ, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির ও রঘুনাথপুরের পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমপি আল আমিন বলেন, উৎসবকে ঘিরে কোথাও যেন শান্তিশৃঙ্খলার ব্যাঘাত না ঘটে এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

