নারায়ণগঞ্জের বন্দরে প্রেমের ফাঁদে ফেলে প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নাহার সুলতানা ঝুমুর নামের এক নারীর বিরুদ্ধে। বর্তমানে তিনি বন্দর বাজার সংলগ্ন ‘তারেক সাহেবের ইতালি বিল্ডিং’-এর চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, স্বামী পরিত্যক্তা এই নারী প্রায় এক বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উপায়ে প্রবাসীদের টার্গেট করে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কথা বলে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ভুক্তভোগী জানান, ঝুমুর দীর্ঘ সময় ধরে তার সঙ্গে প্রেমের অভিনয় করে লক্ষাধিক টাকা নিয়েছেন। বর্তমানে তিনি সম্পর্ক থেকে সরে আসতে চাইলে বিভিন্নভাবে হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে ‘ইতালি বিল্ডিং’-এর মালিক জানান, অভিযুক্ত নারীকে নিয়ে আগে থেকেই এলাকায় নানা অভিযোগ রয়েছে। একাধিকবার স্থানীয়ভাবে বিচার সালিশও হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তিনি দ্রুত তাকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেবেন বলে জানান।
জানা গেছে, ঝুমুর তার মা-বাবা ও এক সন্তানকে নিয়ে ওই বাসায় থাকেন। এলাকাবাসীর দাবি, পুরো বিষয়টি সংঘবদ্ধভাবে পরিচালিত হচ্ছে এবং পরিবারের সদস্যদেরও এতে সম্পৃক্ততা থাকতে পারে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রবাসীসহ সাধারণ মানুষকে এমন প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

