নারায়ণগঞ্জে হকার ইস্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি। তিনি বলেছেন, অতীতে অনেকেই হকারদের প্রতি সহমর্মিতার কথা বলে মূলত নিজেদের চাঁদাবাজিকে আড়াল করেছেন।
সম্প্রতি দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, হকারদের পুনর্বাসন প্রয়োজন হলেও তা অবশ্যই একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনতে হবে। অন্যথায় শহরের জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হবে।
রাব্বি বলেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, সাইক্লোন, বন্যা ও খরার কারণে গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ শহরমুখী হচ্ছে। এদের একটি বড় অংশ জীবিকার সন্ধানে নারায়ণগঞ্জে এসে হকারি, রিকশা চালানো বা গার্মেন্টসে কাজ বেছে নেয়। কিন্তু এই অনিয়ন্ত্রিত জনসংখ্যার চাপ শহরের সক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, “বাস্তুভিটা হারানো মানুষের দায় নারায়ণগঞ্জ কতটা নেবে, তা নির্ধারণ না করেই শহরে দলে দলে মানুষ ঢুকলে শহর অচল হয়ে পড়বে।”
হকারদের ফুটপাতে বসানো নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, এতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে এবং যানজট বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে যানজটের একমাত্র কারণ ফুটপাত দখল নয় বলেও তিনি উল্লেখ করেন।
রফিউর রাব্বি জোর দিয়ে বলেন, “পথের প্রথম অধিকার পথিকের। কোনো অজুহাতে এই অধিকার খর্ব করা যাবে না।”
তিনি রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, দেশে এমন কিছু দল রয়েছে যাদের অবস্থান বাম না ডান—তা স্পষ্ট নয়। এসব দল হকার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
শেষে তিনি নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, শহরকে জনবান্ধব করতে হলে এটিকে রাজনৈতিক গুটিতে পরিণত না করে পরিকল্পিতভাবে পরিচালনা করতে হবে।

