নারায়ণগঞ্জ, ২৮ এপ্রিল:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত বিএনপি নেতা জাকির খান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিএনপির সঙ্গেই থাকবেন এবং দলের আদর্শ থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
সম্প্রতি নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন মেরুকরণের আলোচনা শুরু হয়, বিশেষ করে বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারের এনসিপিতে যোগদানের পর। এর জের ধরে জাকির খানকেও ঘিরে নানা জল্পনা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে—দীর্ঘ কারাবাস ও নির্বাসন শেষে দলে প্রত্যাশিত পদ না পাওয়ায় তিনি হয়তো নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিতে পারেন।
তবে এসব গুঞ্জনের জবাবে জাকির খান বলেন, “আমি বিএনপির একজন কর্মী। এই দলই আমার রাজনীতির পরিচয়। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতেই থাকবো।”
দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা এই নেতার বক্তব্যে তার অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় রাজনীতিতে চলমান নানা জল্পনা-কল্পনার মাঝেও তার এই অবস্থান নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।

