স্টাফ রিপোটারঃ গণভোটের গণরায় মেনে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত আগামী ২ মে-র গণমিছিল সফল করতে নারায়ণগঞ্জে প্রস্তুতি সভা করেছে ১১ দলীয় জোট। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের এক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
১১ দলীয় জোটের অন্যতম শরিক দল এবি পার্টির জেলা সভাপতি শাহজাহান বেপারির সভাপতিত্বে সভায় সকল শরিক দলের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগর খেলাফত মজলিসের সহ- সাধারণ সম্পাদক মুফতী শাব্বীর আহমাদ, জেলা এনসিপির আহবায়ক যোবায়ের আহমেদ, মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় জোটের জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ২ মে-র কর্মসূচিকে ঘিরে আন্দোলনের রূপরেখা এবং প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে শাহজাহান বেপারি বলেন:”জুলাই সনদ আমাদের অধিকার আদায়ের মূল ভিত্তি। কেন্দ্র ঘোষিত ২ মে-র গণমিছিল সফল করার মাধ্যমে আমরা প্রমাণ করব যে নারায়ণগঞ্জের মাটি আন্দোলনের ঘাঁটি। কোনো ষড়যন্ত্রই এই কর্মসূচিকে পণ্ড করতে পারবে না।”
সঞ্চালক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন, প্রতিটি ইউনিট থেকে কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।
প্রস্তুতি সভা থেকে জানানো হয়, আগামী ২ মে নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়কে গণমিছিল নিয়ে প্রদক্ষিন করা হবে। আন্দোলনের এই ধারা অব্যাহত রাখতে এবং জুলাই সনদ বাস্তবায়নে সাধারণ মানুষকেও সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন জোটের অন্যান্য শরিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

