টানা দুই দিনের ভারী বৃষ্টিতে নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাসদাইর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। এতে করে স্থানীয় বাসিন্দা ও হাজার হাজার শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল সংলগ্ন সড়কটি বিসিক শিল্পনগরীর দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ পথ হওয়ায় প্রতিদিন অসংখ্য শ্রমিক ও পথচারী এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু বৃষ্টির পানিতে রাস্তাটি ডুবে যাওয়ায় চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও আগাম কোনো কার্যকর পদক্ষেপ নেয় না স্থানীয় জনপ্রতিনিধিরা। বর্তমান পরিস্থিতিতেও তাদের দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে দাবি করেন তারা।
জলাবদ্ধতার জন্য স্থানীয়রা দায়ী করছেন অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনে জমে থাকা ময়লা আবর্জনা এবং আশপাশের খাল দখলকে। ফলে বৃষ্টির পানি ঠিকমতো নিষ্কাশন না হয়ে রাস্তায় জমে থাকছে।
ভুক্তভোগীরা জানান, আগে থেকে উদ্যোগ নিলে এই দুর্ভোগ অনেকটাই কমানো যেত। বর্তমানে রাস্তায় পানি জমে থাকায় যাতায়াতে অতিরিক্ত রিকশা ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি নোংরা পানির কারণে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল দখলমুক্ত করে স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক, যাতে প্রতি বর্ষায় একই দুর্ভোগে না পড়তে হয়।

