নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলেকে দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন আবুল হোসেন (৫৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা। হৃদয়বিদারক এ দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা চালককে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেনের বাড়ি নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছনে। তাঁর বাবার নাম রজব আলী। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি একটি ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন।
পুলিশ জানায়, আবুল হোসেন তাঁর ছেলে রাজিনকে দেখতে ফতুল্লায় এসেছিলেন। রাজিন স্টেডিয়াম সংলগ্ন একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ছেলেকে দেখে ফেরার সময় সড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক রুমান মোল্লা (২৩) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

