গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলন, শ্রমিকদের দাবিদাওয়া এবং আন্দোলনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকালের সাংবাদিক শরীফউদ্দিন সবুজ। তিনি বলেছেন, গার্মেন্টস বন্ধ হলে সবার আগে কাজহীন হবেন আন্দোলনরত এই শ্রমিকরাই।
শ্রমিকদের আন্দোলনে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে স্লোগান দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অতীতেও মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়েছে। কিন্তু তখন বিকেএমইএর সভাপতির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়নি। শ্রমিকরা স্লোগান দিয়েছেন নিজ নিজ কারখানার মালিকের বিরুদ্ধে অথবা সাধারণভাবে সব মালিকের বিরুদ্ধে।
আগের আন্দোলনের স্লোগান উল্লেখ করে শরীফউদ্দিন সবুজ বলেন, ‘মালিক তুমি যে-ই হও, আমাদের দাবি মেনে নাও’ ছিল শ্রমিকদের পরিচিত স্লোগান। কিন্তু এবারের স্লোগানের ধরন দেখে মনে হচ্ছে, আন্দোলনকারীরা সাধারণ শ্রমিক নন, অসাধারণ শ্রমিক। কারণ একজন সাধারণ শ্রমিকের বিকেএমইএর সভাপতিকে চেনার কথা নয়।
তিনি আরও বলেন, ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি থেকে বিশাল লাফ দিয়ে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তোলা হয়েছে। এই দাবি মেনে নিলে সব কারখানা বন্ধ করে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সরকার শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে একটি মজুরি বোর্ড গঠন করেছে এবং এ নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে শরীফউদ্দিন সবুজ বলেন, আলোচনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। আলোচনার ফলাফল মনমতো না হলে শ্রমিকরা আন্দোলন করতে পারেন।
তবে আন্দোলনের নামে গার্মেন্টসে ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং সড়ক অবরোধের মতো ঘটনাকে সাধারণ শ্রমিকদের কাজ বলে মনে করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন এই সাংবাদিক।
শরীফউদ্দিন সবুজ
সিনিয়র সাংবাদিক
দৈনিক সমকাল

