প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পলের আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে ক্ষুদে কুরআনের পাখি মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ এশা এ দোয়ার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা ১৭ আসনের ডিজিটাল প্রচারণা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ।
সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে পিত্তথলির অস্ত্রোপচার করা হয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পলের। তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
এ সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল মঈন খান (এমপি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় শোকরানা আদায় করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি এস. আলম ইসরাৎ তাঁর দাদার নামে প্রতিষ্ঠিত বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীব, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দলের নেতা মো. আল আমীন, এস. আলম আয়ানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টরা।
দোয়া শেষে রেজাউল কবির পলের দ্রুত সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

