সিরাতুন্নবী ﷺ উপলক্ষে আয়োজন, অতিথি ও সংগঠনের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কাশীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আল ইত্তেহাদ ইসলামী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিরাতুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাশীদ পরিবেশনা, আলোচনা, সম্মাননা স্মারক প্রদানসহ নানা আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় কাশীপুরের উত্তর গোয়ালবন্দ ব্যাংক কলোনি সংলগ্ন কারী বাড়ি বালুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসী, সংগঠনের সদস্য, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক সদস্য সচিব মোঃ জাবেদ আলম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শ্যামল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ও সোনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম ভেন্ডার।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি মোঃ নুরুজ্জামান রনি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়সাল ইসলাম, কাশীপুর ইউনিয়ন ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম আহমদ, মোঃ আরিফুল ইসলাম দেওয়ান, মোঃ বাদশা ব্যাপারী ও খাইরুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নাশীদে মুখর অনুষ্ঠানস্থল
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইসলামী নাশীদ পরিবেশনা। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পীরা নাশীদ পরিবেশন করেন। পাশাপাশি জনপ্রিয় নাশীদ শিল্পী মাসুম বিল্লাহ ইলিয়াস, নাজমুল হাসান সাইফী (সিলেট), সফিয়ান সাকী (প্রাণের মদিনা), এইচ এম হাসান মাহমুদ, রিয়াজুল ইসলাম, ইয়াসিন মাহমুদ, আবু সাঈদ সাইফী, জুবায়ের, জিহাদ খান, আহমাদ মুরসালিন (তাওবা শিল্পীগোষ্ঠী) ও রাইহান শেখ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেডিও একাত্তরের উপস্থাপক ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ।
অতিথি ও সদস্যদের সম্মাননা
অনুষ্ঠানের বিশেষ পর্বে আল ইত্তেহাদ ইসলামী সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা, সময় ও শ্রম দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংগঠনের সদস্যদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মাননা প্রদান পর্বে অতিথি ও সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, সংগঠনের সঙ্গে যারা আন্তরিকভাবে কাজ করছেন, তাদের উৎসাহিত করা এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সম্মাননার আয়োজন করা হয়েছে।
ইসলামী আদর্শ ও মানবসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়
অনুষ্ঠানে বক্তারা রাসুলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ অনুসরণ, ইসলামী মূল্যবোধের চর্চা, নৈতিক সমাজ গঠন এবং মানবতার কল্যাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
আল ইত্তেহাদ ইসলামী সংগঠনের সভাপতি মোঃ আনিসুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ইসলামী আদর্শের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতে মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি, নাশীদ শিল্পী, সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, এলাকাবাসী ও সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজন চলে রাত পর্যন্ত। নাশীদ ও ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজনে:
আল ইত্তেহাদ ইসলামী সংগঠন
কাশীপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

