ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আলীরটেকের ডিক্রিরচর ও বক্তাবলী ঘাটের মধ্যে নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় সমীক্ষা ও প্রকল্প প্রণয়নের উদ্যোগ নিতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রীর কাছে দেওয়া এক ডিও লেটারে তিনি এ অনুরোধ জানান।
ডিও লেটারে বলা হয়েছে, আলীরটেকের ডিক্রিরচর ঘাট অথবা উপযুক্ত কোনো স্থানে সেতু নির্মাণ করা হলে বক্তাবলী ও আলীরটেকের সঙ্গে নারায়ণগঞ্জের মূল অংশের সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমার পাশাপাশি নারায়ণগঞ্জে একটি নতুন আঞ্চলিক সড়ক করিডোর গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে।
প্রস্তাবিত সেতুর জন্য এলজিইডির আওতাধীন ডিক্রিরচর-মীরকাদিম সড়কের আলীরটেক ডিক্রিরচর ঘাটকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। স্থানীয় পর্যায়ে এ সেতুর দাবি দীর্ঘদিনের। ২০২৫ সালেও ধলেশ্বরী নদীর ওপর বক্তাবলী ও আলীরটেককে যুক্ত করতে সেতু নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি হয়েছিল।
ডিও লেটারে আরও বলা হয়েছে, সেতুটি নির্মিত হলে পঞ্চবটি-মুক্তারপুর এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সঙ্গে নতুন যোগাযোগ সংযোগ তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। এতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রামমুখী যানবাহনের জন্য বিকল্প রুট তৈরির সম্ভাবনা রয়েছে।
সেতুটি বাস্তবায়িত হলে বক্তাবলী ও আলীরটেকের মানুষের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত নারায়ণগঞ্জ, ঢাকা ও দেশের বিভিন্ন বাজারে পরিবহনের সুযোগ বাড়বে। একই সঙ্গে শিল্পের কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন এবং জরুরি সেবা পৌঁছানোও সহজ হতে পারে।
তবে ডিও লেটারে প্রস্তাবিত সেতুটি শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকা ও স্থানীয় তথ্য অনুযায়ী ডিক্রিরচর ও বক্তাবলীর মাঝ দিয়ে ধলেশ্বরী নদী প্রবাহিত হওয়ায় নদীর নামের উল্লেখে অসঙ্গতি রয়েছে। বিষয়টি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের সময় সংশোধন বা স্পষ্ট করার প্রয়োজন হতে পারে।
বৃহত্তর জনস্বার্থ ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্প প্রণয়নের উদ্যোগ নিতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়েছেন মাধবী মার্মা। ডিও লেটারের অনুলিপি স্থানীয় সরকার বিভাগের সচিব ও এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছেও দেওয়া হয়েছে।

